শর্ত

আমাদের কাছ থেকে আপনি কী আশা করতে পারেন, আমরা আপনার কাছ থেকে কী আশা করি, আর আসলে কার কাছ থেকে কিনছেন।

শেষ বদল: সেপ্টেম্বর ২০২৬

গ্যাস লাগবে এখন যেভাবে চলে, সেটা দেখেই এই লেখা। এখনো কোনো উকিল এটা দেখে দেননি। জরুরি কোনো কাজে এর ওপর ভরসা করতে হলে আমাদের বলুন, আমরা দেখিয়ে নেব।

কার কাছ থেকে কিনছেন

এই কথাটা বেশিরভাগ মার্কেটপ্লেস এড়িয়ে যায়, তাই পরিষ্কার করে বলি: গ্যাস বিক্রি করেন ডিলার। গ্যাস লাগবে আপনাকে কাছের ডিলারের সঙ্গে জুড়ে দেয়, অর্ডারটা পৌঁছে দেয়, আর কিছু ভুল হলে সাহায্য করে। কেনাবেচাটা আপনার আর সেই ডিলারের মধ্যে।

এটা জানা জরুরি, কারণ দাম ঠিক করেন ডিলার, স্টক তাঁর, আর যে সিলিন্ডারটা আপনার হাতে যাচ্ছে সেটা ঠিকঠাক আছে কি না তার দায়ও তাঁর।

অর্ডার

যে দাম দেখানো হয় সেটা ডিলারের নিজের, আর বদলাতে পারে। অর্ডার দেওয়ার সময় যে দাম দেখেছেন, সেই অর্ডারে সেটাই দাম।

ডিলার নেওয়ার আগ পর্যন্ত অর্ডারটা একটা অনুরোধ। ডিলার না-ও নিতে পারেন, সাধারণত স্টক শেষ হলে, আর সেটা আপনাকে জানিয়ে দেওয়া হবে, বসিয়ে রাখা হবে না।

রাইডার সিলিন্ডার তোলার আগে আপনি বাতিল করতে পারেন। তারপর ডিলারের সঙ্গে কথা বলুন; মোটরসাইকেলে উঠে যাওয়া সিলিন্ডার আলাদা ব্যাপার।

টাকা দেওয়া

ক্যাশ অন ডেলিভারি মানে ঠিক তা-ই: সিলিন্ডার পৌঁছালে রাইডারকে টাকা দেবেন, আর তার আগে দেখে নিতে পারবেন। অন্য কোনো পেমেন্টের উপায় যোগ হলে যাঁরা সেটা চালান তাঁদের শর্তও লাগবে।

আপনার অ্যাকাউন্ট

আপনার ফোন নম্বরটাই আপনার পরিচয়, তাই নম্বর আর সাইন ইন কোড নিজের কাছে রাখুন। আপনার অ্যাকাউন্ট থেকে যে অর্ডার আসবে, ধরে নেওয়া হবে সেটা আপনিই দিয়েছেন।

এমন ঠিকানা দিন যেটা রাইডার সত্যিই খুঁজে পাবেন। ভুল ঠিকানায় ডেলিভারি না হলেও কারও একটা ট্রিপ যায়।

আমাদের মাধ্যমে বিক্রি করলে

ডিলারদের আইনে যে লাইসেন্স লাগে সেটা থাকতে হবে, নিরাপদ আর মেয়াদের মধ্যে থাকা সিলিন্ডার বিক্রি করতে হবে, আর লিস্টের দাম আর স্টক ঠিক রাখতে হবে। অ্যাকাউন্ট অনুমোদনের আগে আমরা কাগজ দেখি, আর দরকার হলে বন্ধও করে দিতে পারি।

আপনি যে রাইডারদের যোগ করেন তাঁরা আপনার হয়ে কাজ করেন। ক্রেতার দরজায় তাঁরা কেমন ব্যবহার করলেন, তার দায় যতটা তাঁদের, ততটাই আপনার।

কখন অ্যাকাউন্ট বন্ধ হতে পারে

ভুয়া অর্ডার, রাইডার বা ডিলারের সঙ্গে খারাপ ব্যবহার, অনিরাপদ সিলিন্ডার, কিংবা বেআইনি কিছুর জন্য। কারণটা আমরা জানিয়ে দেব।

যেসবের দায় আমরা নিই না

আমরা সিলিন্ডার বানাই না, রিফিল করি না, রাখি না, পরীক্ষাও করি না, আর যেসব সিলিন্ডার ডেলিভারি হচ্ছে সেগুলোর মালিকও আমরা না। গ্যাস বা সিলিন্ডারের গোলমাল আপনার আর সেই ডিলারের ব্যাপার, তবে তাঁর কাছে পৌঁছাতে আমরা সাহায্য করব।

সার্ভিস চালু রাখার চেষ্টা আমরা করি, কিন্তু কখনো বন্ধ হবে না এমন কথা দিতে পারি না। বাংলাদেশের ভোক্তা আইন আপনাকে যে অধিকার দেয়, এখানকার কিছুই সেটা কেড়ে নেয় না।